পদ্মা সেতুতে ১৯ টোল বুথ, ক্যামেরায় নজরদারি

Printed Edition

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ঈদুল আজহায় দণি-পশ্চিমাঞ্চলের মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘœ করতে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে বিশেষ প্রস্তুতি নিয়েছে কর্তৃপ। মাওয়া ও জাজিরা প্রান্তের টোল প্লাজায় এবার মোট ১৯টি টোল বুথ সচল রাখা হয়েছে। এর মধ্যে দ্রুত পারাপারের জন্য ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ এবং মোটরসাইকেলের জন্য বিশেষ বুথ রয়েছে। প্রয়োজনে মাওয়া প্রান্তে অতিরিক্ত অস্থায়ী বুথও চালু করা হবে।

সেতু বিভাগের সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় জানান, ট্রাফিক পরিস্থিতি তদারকির জন্য টোল প্লাজা ও সংযোগ সড়কসহ প্রায় ২৩ কিলোমিটার এলাকায় ১৮১টি অত্যাধুনিক সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমের (আইটিএস) আওতায় সার্বণিক নজরদারি চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি ও দুর্ঘটনা মোকাবেলায় রেকার, ফায়ার ভেহিক্যাল এবং আইটিএস এক্সপার্টসহ বিশেষ দল প্রস্তুত রাখা হয়েছে। গত মঙ্গলবার ১৯ হাজার ৫৩৩টি এবং বুধবার ২১ হাজার ২৫০টি যানবাহন পারাপার হয়েছে। তবে আগামী কয়েক দিনে এ চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মহাসড়কের ধলেশ্বরী, আবদুল্লাহপুর ও মাওয়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে ও জেলা পুলিশের বাড়তি টহল শুরু হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মামুন-আল-রশীদ জানান, আজ শুক্রবার থেকে এক্সপ্রেসওয়েতে গতি নিয়ন্ত্রণ ও পশুবাহী ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সাতটি ইউনিট মাঠে কাজ করবে।