নিকলী (কিশোরগঞ্জ) থেকে সংবাদদাতা।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের দক্ষিণ সাজনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫২ লিটার চোলাই মদসহ আসমা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুন রাত ১২টায় নিকলী থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে এই বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আসমা খাতুন ওই গ্রামের চান মিয়ার স্ত্রী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও ছেলে কাইয়ুম পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সাথে জড়িত। ওসি মাহবুবুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআই রোমান খান, সুবহানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালানো হয়। মাদক কারবারিরা যতই শক্তিশালী হোক, তাদের শিকড় উপড়ে ফেলা হবে। পলাতক আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



