কুকিচিন আর্মির ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক ধ্বংস

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় একটি মামলার তদন্তে জব্দ করা ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি ও সংরক্ষণের সীমাবদ্ধতা বিবেচনায় এসব আলামত ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিচারিক প্রয়োজনে ১০০ পিস পোশাক নমুনা হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

বুধবার রাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকা বিপুল পরিমাণ পোশাক অপব্যবহার বা নষ্ট হওয়ার আশঙ্কা থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ঘটনাটি বায়েজিদ বোস্তামী থানার একটি মামলার তদন্তের সাথে সংশ্লিষ্ট। তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক তত্ত্বাবধানে ধ্বংসকার্যক্রম পরিচালিত হয়।

তদন্তে জব্দ করা এসব পোশাক পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকিচিন আর্মির জন্য প্রস্তুত করা হয়েছিল বলে জানা গেছে। তদন্ত চলাকালে মোট ৩১ হাজার ৭৭৫ পিস পোশাক উদ্ধার করা হয়। পরে সংরক্ষণজনিত ঝুঁকি বিবেচনায় আদালতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আবেদন করা হয়।

আদেশ অনুযায়ী, নির্ধারিত প্রক্রিয়ায় পরিবেশসম্মত উপায়ে অবশিষ্ট সব পোশাক ধ্বংস করা হয়েছে। একই সাথে সংরক্ষিত ১০০ পিস নমুনা যথাযথভাবে সিলগালা করে আদালতের মালখানায় রাখা হয়েছে। বর্তমানে মামলাটি সংশ্লিষ্টপ্রক্রিয়ায় চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম অব্যাহত আছে।