বগুড়া সিটির প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

Printed Edition

বগুড়া অফিস

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের (বসিক) প্রথম প্রশাসক হিসেবে যোগদান করেছেন বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেয়া হয়। এরপর গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে প্রশাসক পদে যোগদানপত্র স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ -এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

পরে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সাংবাদিকদের জানান, বগুড়া সিটি করপোরেশন এলাকার জন্য পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠনের কার্যক্রম শুরু হয়েছে এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের সাথে বগুড়া সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৪ মে রাতে বগুড়া পৌর সভার বিদ্যমান ৭০ বর্গকিলোমিাটর আয়তন, প্রায় ১০ লাখ বাসিন্দা ও ২১টি সাধারণ ওয়ার্ড নিয়ে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করে। এর আগে ২০ এপ্রিল ’২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরকালে পৌর কার্যালয় চত্বরে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন।