নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরার আমিরে জামায়াতের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সাথে জামায়াত আমিরের বৈঠক হয়। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়া, শিল্প-বাণিজ্য এবং রোহিঙ্গা শরণার্থী ইস্যু।
বৈঠক শেষে জানানো হয়, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সেলর মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার মি. জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
এরপর সকাল সাড়ে ৯টায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সাথে জামায়াত আমিরের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো অর্থবহ, অংশগ্রহণমূলক ও সুদৃঢ় করার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।
বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান বন্ধুপ্রতিম সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়ন, গণতন্ত্র ও পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
ইইউ রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি মি. সেবাস্টিয়ান রাইগার-ব্রাউন। অন্য দিকে উভয় বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন (মার্কিন বৈঠকে) এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



