ঢাকায় ৬ জাতি হ্যান্ডবল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১০ জুন থেকে পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে ছয় জাতির পাঁচ দিনব্যাপী বয়সভিত্তিক পুরুষ (অনূর্ধ্ব-২০ ও ১৮) আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬। স্বাগতিক বাংলাদেশের সাথে আছে ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান। অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশ। ১৪ জুন ফাইনাল। এ ছাড়া অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।

পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে ভাগ করেছে আইএইচএফ। দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনেই হচ্ছে এবারের আইএইচএফ ট্রফি। চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তীতে এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলবে।

২০০০ সালে প্রথমবার ঢাকায় হ্যান্ডবলের আন্তর্জাতিক আসরের নাম ছিল এশিয়ান উইমেন্স জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এরপর ২০১০ সালে দক্ষিণ এশিয়ান গেমসে হ্যান্ডবল অন্তর্ভুক্ত হয়। ২০১৬ সালে চ্যালেঞ্জ ট্রফিতে খেলেছিল নারী ও পুরুষ দল। সর্বশেষ ২০২৩ সালে মে মাসে হয়েছিল আইএইচএফ উইমেন্স চ্যালেঞ্জ ট্রফি। ওই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ বিভাগে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ অংশ নিয়েছিল। মেয়েদের অ-১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।