শালবাহান তেলখনি চালুর দাবিতে মানববন্ধন

Printed Edition

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান তেলখনি পুনরায় চালু এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে জরিপ পরিচালনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গত সোমবার দুপুরে সচেতন নাগরিক কমিটির আয়োজনে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আশির দশকে শালবাহান এলাকায় একটি বৃহৎ তেলখনি আবিষ্কৃত হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ খনিটির উদ্বোধন করলেও মাত্র এক সপ্তাহের মাথায় রহস্যজনকভাবে উত্তোলন কাজ বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ ৩৭ বছরেও খনিটি বন্ধের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি, যা নিয়ে স্থানীয়দের মনে গভীর ক্ষোভ ও ধোঁয়াশা রয়েছে।

বক্তারা আরো জানান, বর্তমান জ্বালানি সঙ্কটের সময়ে এই খনিটি দেশের অর্থনীতির জন্য আশীর্বাদ হতে পারে। অবিলম্বে খনিটি বন্ধের রহস্য উন্মোচন এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধন শেষে স্থানীয়রা জেলা প্রশাসকের মাধ্যমে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশবাদী নেতা এ কে এম আনোয়ারুল ইসলাম, মানিক খান ও সোহরাব আলীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।