নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থবছরের শুরু অর্থাৎ আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম বেতনকাঠামো বাস্তবায়নের কথা বললেন তিনি।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর ধরে একই বেতনকাঠামোতে বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। তবে বছর শেষে সংশোধিত বাজেটে তা কিছুটা বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা। সেই তুলনায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হচ্ছে। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত হিসাব অনুযায়ী এ খাতে ব্যয়ের পরিমাণ ছিল ৬৯ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি তিন ধাপে বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। আগামী অর্থবছর থেকে এ সুপারিশই বাস্তবায়ন করা হচ্ছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।


