প্রতিশোধের কথা ভাবছে না পাকিস্তান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

২০২৪ সালে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর আগে বারবার ঘুরেফিরে আসছে সেই আলোচনা। সে হিসেবে সিরিজটা পাকিস্তানের কাছে প্রতিশোধের সিরিজ বললেও ভুল হবে না। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে টি-২০ সিরিজ, এ বছরের মার্চে ওয়ানডে সিরিজ দু’টি সিরিজই বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপ।ে মিরপুরে আজ প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কাছে এসেছে অতীতের প্রসঙ্গ। উত্তরে তিনি বলেন, ‘প্রতিশোধ নিয়ে ভাবছি না। তারা যেভাবে আমাদের টি-২০তে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা অবশ্যই এই কন্ডিশনে ভালো। তাদের শক্তিমত্তার ব্যাপারে আমরা জানি। সুন্দর গোছানো খেলা উপহার দিতে চাই, তবে প্রতিশোধের নয়।’

যে পাকিস্তানের বিপে প্রথম ১৩ টেস্টের একটাতেও জিততে পারেনি বাংলাদেশ, সেই পাকিস্তানকে তাদের ডেরায় পরপর দুই টেস্টে ২০২৪ সালে হারিয়েছিল বাংলাদেশ। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে সেবার সিরিজের দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন দাস-মেহেদী হাসান মিরাজের ২৪৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে বৈতরণী পার হয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও জিতেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।

গত দুই বছরে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক পরিবর্তন হয়নি। শান্ত, মাসুদ প্রত্যেকেই নিজ নিজ দলের টেস্ট অধিনায়ক। দুই বছর আগের স্মৃতি এখনো তাই টাটকা মাসুদের কাছে। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। আবার প্রতিশোধের চিন্তাও করছি না। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।’

পাকিস্তান অধিনায়ক শান মাসুদ টাইগার পেসারদের নিয়ে বলেন, ‘তাদের শক্তি তাদের জায়গায়। আমাদের শক্তি আমাদের। শুধু নিজেদের নিয়েই ভাবতে পারি। আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ দল আছে, যারা এই কন্ডিশনেও খেলেছে। ১০ দিন ভালো খেলে সিরিজ জিততে চাই।’

বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দু’টি টেস্ট হবে দুই ভেনুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।