এএফপি
২০১৯ সালের প্রাণঘাতী ইস্টার সানডে বোমা হামলা রুখতে না পারার দায়ে শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধান পুজিথ জয়সুন্দরাকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেদেশের আদালত। অপরাধমূলক অবহেলার প্রমাণ পাওয়ায় তিন বিচারকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ শুক্রবার এই রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৭৬ সাল থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেও স্থগিতাদেশের নীতি বহাল রাখার পক্ষে মতামত দিয়েছেন। ২০১৯ সালের ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে একাধিক সমন্বিত হামলা চালানো হয়। হামলায় ৪২ বিদেশীসহ ২৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।



