শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামে এক চোর নিহত ও জাহাঙ্গীর হোসেন (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত ফজলে রাব্বী ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের বুলু মিয়ার ছেলে, আর আহত জাহাঙ্গীর একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এলাকাবাসী ও শেরপুর থানা পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামের রমজান আলীর ট্রান্সফরমার চুরির সময় চণ্ডেশ্বর ও আকরামপুর গ্রামের লোকজন মিলে ফজলে রাব্বী ও জাহাঙ্গীর হোসেনকে ধরে এলোপাতাড়ি মারধর করে। পরে তাদের গুরুতর অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে ফজলে রাব্বী মারা যায়। আহত চোর জাহাঙ্গীর হোসেন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।



