দিনাজপুর প্রতিনিধি
চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ক্রমবর্ধমান হামলা বন্ধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। গত সোমবার দুপুরে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। সম্প্রতি শরীয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে শরীয়তপুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে ড্যাব দিনাজপুর শাখার আহ্বায়ক ডা: হাফিজুল ইসলাম ও সদস্যসচিব ডা: মোহাম্মদ জিয়াউল হক জিয়া বক্তব্য রাখেন। এ ছাড়া সংহতি জানিয়ে অংশ নেন হাসপাতালের পরিচালক ডা: ফজলুর রহমান, অধ্যাপক ডা: সারোয়ার মোর্শেদ, সহকারী অধ্যাপক ডা: শফিকুর রহমান এবং আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নূর আলম জামিউলসহ অনেকে। চিকিৎসকরা সতর্ক করে বলেন, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়বে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায়।



