আলমডাঙ্গায় সংঘর্ষে যুবক নিহত, শোকে দাদার মৃত্যু

Printed Edition

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। নাতির মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার দাদা নাজিম উদ্দিন কাজী (৭০)। গত শনিবার দুপুরে উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রপাড়া গ্রামের হৃদয় হোসেন ঢাকা থেকে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন।

এ নিয়ে গ্রামের একটি পক্ষের সাথে তার বিরোধ তৈরি হয়। গত বৃহস্পতিবার হৃদয় গ্রাম্য বাড়িতে ফিরলে উত্তেজনা চরমে পৌঁছায়। শনিবার দুপুরে হৃদয়ের সাথে প্রতিবেশী আব্দুল্লাহর কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত শিমুল হোসেন কাজীকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নাতির মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে শোকে ভেঙে পড়েন দাদা নাজিম উদ্দিন। পরিবারের দাবি, খবরটি শোনার পরপরই তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

জোড়া মৃত্যুর এই ঘটনায় পুরো গ্রামজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, ফেসবুক স্ট্যাটাস ও পূর্বশত্রুতার জেরে এই সংঘর্ষের সূত্রপাত।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।