নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার অধিবেশনে দলীয়করণ, রাজনৈতিক সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সাথে রাজনৈতিক সহিংসতা বন্ধ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এনসিপির পদযাত্রায় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, রাজনৈতিক কর্মসূচিতে হামলা, ভিন্নমত দমন এবং সহিংসতার রাজনীতি দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে মজলিসে শূরা জানায়, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক পারস্পরিক সম্মান, সমতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা, বাণিজ্য বৈষম্য এবং সার্বভৌমত্বের প্রশ্নে সরকারকে আরো দৃঢ় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পার্টির আমির (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইযহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী ও মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও ডা: মাওলানা মুহাম্মদ ইলিয়াস খান, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক ও মাওলানা আনোয়ারুল কবীর, অর্থ সচিব মাওলানা এরশাদ বিন জালাল, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান এবং সহকারী সংগঠন সচিব মাওলানা ইনামুল হক কুতুবী।



