চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাদিয়া মৌজার খোয়াই নদী এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (ওয়াবদা) বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াই নদীর লাদিয়া মৌজায় অবাধে বালু উত্তোলনের ফলে নদীর তীররক্ষা বাঁধ ঝুঁকিতে পড়ে। এই পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল এলাকার জনগণের পক্ষে মাসুদ আহমেদ বাদি হয়ে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে গত ৬ মে লাদিয়া মৌজায় বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, আদালতের ওই আদেশ অমান্য করে স্থানীয় বালুমহালের প্ররোচনায় প্রভাবশালী একটি চক্র রাতের আঁধারে ড্রেজার বসিয়ে এখনো বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। আদালতের স্পষ্ট আদেশের পরও উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। দ্রুত এই বালু মহাল বন্ধ করা না হলে আসন্ন বর্ষায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার তৌফিক আনোয়ার বলেন, আদালতের আদেশের বিষয়টি আমরা জেনেছি। শিগগিরই সরেজমিন পরিদর্শনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



