এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিকাল কাউন্সিলে (পিসি) নতুন করে ছয়জন কেন্দ্রীয় নেতা যুক্ত হয়েছেন। এর ফলে দলটির পলিটিক্যাল কাউন্সিলের সদস্যসংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো: নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে ছয়জন কেন্দ্রীয় নেতাকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা: মাহমুদা মিতু।

সম্প্রতি দলের পলিটিকাল কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয় যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে। বর্তমানে পলিটিকাল কাউন্সিলের অন্য সদস্যরা হলেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।