ফ্রেঞ্চ ওপেনের নতুন রানী

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মাত্র ১৯ বছর বয়সেই টেনিস বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে নিজের নাম লিখিয়ে ফেললেন রাশিয়ার তরুণী তারকা মিরা আন্দ্রেভা। ফ্রেঞ্চ ওপেনের নারী এককে ফাইনালে পোল্যান্ডের বাছাইপর্ব পেরিয়ে আস মাজা খোয়ালিনস্কাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসø্যাম শিরোপা জিতেছেন তিনি।

রোলাঁ গ্যারোর ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন আন্দ্রেভা। শক্তিশালী বেসলাইন খেলা এবং ধারাবাহিক আক্রমণাত্মক শটের মাধ্যমে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। প্রথম সেটে খোয়ালিনস্কার প্রতিরোধ ভেঙে ৬-৩ ব্যবধানে এগিয়ে যান রুশ তরুণী। দ্বিতীয় সেটেও একই ছন্দ ধরে রেখে মাত্র ৬-২ গেমে জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে ১৯৯২ সালে মণিকা সেলেসের পর সবচেয়ে কম বয়সী ফ্রেঞ্চ ওপেন নারী একক চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাস গড়লেন আন্দ্রেভা। অন্য দিকে খোয়ালিনস্কার যাত্রাটিও ছিল অসাধারণ। টুর্নামেন্টের শুরুতে বিশ্বের ১১৪ নম্বরে থাকা এই পোলিশ খেলোয়াড় বাছাইপর্ব পেরিয়ে মূল ড্রয়ে জায়গা করে নেন। খোয়ালিনস্কা জয়ী হলে ২০২১ সালে এমা রাধুকানুর পর প্রথম বাছাইপর্ব পেরিয়ে আসা খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডসø্যাম শিরোপা জয়ের কীর্তি গড়তেন। তবে ফাইনালে আন্দ্রেভার দুর্দান্ত পারফরম্যান্সের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি। অথচ তিনি চিন্তাই করেননি ফাইনাল পর্যন্ত আসবেন। ভেবেছিলেন দুই-তিন রাউন্ডের পর বিদায় নেবেন। সেভাবেই হোটেল বুকিং দিয়েছিলেন। এরপর অর্থ সঙ্কটে পড়লে একটি কোম্পানি এগিয়ে আসে।