ক্রীড়া প্রতিবেদক
ইতিহাস গড়তে যাচ্ছেন আমেরিকান নারী রেফারি টরি পেনসো। প্রথমবারের মতো তিনি পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে নারী রেফারিরা বাঁশি বাজিয়েছিলেন। গত বিশ্বকাপে প্রথম ইতিহাস গড়েন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপ্পার্ট, জাপানের ইয়োশমি ইয়ামশিতা এবং রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা। তারাই প্রথম পুরুষদের বিশ্বকাপে রেফারি হিসেবে দায়িত্ব পালন করে এই ধারাকে আরো এগিয়ে নেন। এবার আমেরিকার টরি পেনসো ঢুকলেন সেই তালিকায়।
পেনসো ২০১৫ সালে ন্যাশনাল উইমেন্স সকার লিগ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরে ইউএসএল চ্যাম্পিয়নশিপ এবং এরপর ২০২০ সাল থেকে এমএলএসে দায়িত্ব পালন করেন। ২০২১ সাল থেকেই ফিফার স্বীকৃত রেফারি পেনসো। এর আগে ২০২৩ নারী বিশ্বকাপে তিনি ফাইনাল ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েছিলেন তিনি। প্রথম আমেরিকান হিসেবে ফিফা বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন।
এবারের বিশ্বকাপে মোট আটজন আমেরিকান রেফারির একজন হিসেবে থাকবেন, যাদের মধ্যে রেফারি, সহকারী রেফারি এবং ভিডিও ম্যাচ অফিসিয়ালও রয়েছেন। টরি নিজের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘তিনি একজন সাধারণ মেয়েই ছিলেন যিনি বড় স্বপ্ন দেখেছেন এবং কঠোর পরিশ্রম করে এই অবস্থানে পৌঁছেছেন এবং এখনো তার লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করা।’



