রহমত আলী হেলালী জকিগঞ্জ (সিলেট)
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া-তিরাশী সড়ক থেকে হালঘাট, সকড়া, এলংজুড়ি ও ইলাবাজ সংযোগ সড়কটি দীর্ঘ এক যুগেও সংস্কার হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পাঁচটি গ্রামের হাজারো মানুষ। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা আর শুকনো মৌসুমে ধুলাবালিতে এক কিলোমিটার কাঁচা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুর বাজার থেকে কালিগঞ্জ এবং থানাবাজার থেকে কালিগঞ্জ পর্যন্ত দু’টি প্রধান সড়ক পাকা থাকলেও মাঝখানের সংযোগ সড়কটি অবহেলিত। ফলে সাতঘরী, সকড়া, ইলাবাজ, হালঘাট ও এলংজুরী গ্রামের মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। সবচেয়ে বেশি সঙ্কটে পড়ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বর্ষায় সড়কটি তলিয়ে যাওয়ায় অনেক সময় তাদের ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে।
যোগাযোগ বিচ্ছিন্নতার প্রভাব পড়ছে স্থানীয় কৃষি ও চিকিৎসাসেবায়। কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার মতো স্বাভাবিক পরিস্থিতিও এই সড়কে নেই। এ ছাড়া সড়কটি কাদামাটি থাকায় ২৩০ বছরের পুরনো সকড়া জামে মসজিদে মুসল্লিদের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
স্থানীয় কৃষক আব্দুল হান্নান ও বাসিন্দা আব্দুল করিম জানান, দীর্ঘদিন তারা নিজেদের উদ্যোগে রাস্তাটি চলাচলের উপযোগী রাখলেও এখন আর সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবি, অন্তত আধা কিলোমিটার অংশে ব্রিক সলিং করা হলেও সাময়িক স্বস্তি ফিরবে। তবে সাতঘরী ব্রিজ থেকে এলংজুরী পর্যন্ত এক কিলোমিটার সড়ক পাকাকরণই অত্যন্ত জরুরি। তা না হলে শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে স্থবিরতা দেখা দিয়েছে।



