নারী ফুটবল দল গঠন করবে মোহামেডান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দেশের প্রথম দুই নারী ফুটবল লিগের প্রতিনিধি ছিল মোহামেডান। তবে পরবর্তী সময়ে এই ক্লাবের এক কর্মকর্তারা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনের বিপক্ষে মামলা করেন। তরে নারী লিগে আর দল গঠন করেনি। তবে আগামীতে নারী ফুটবল লিগে দল গঠন করবে দেশের দর্শক প্রিয় ক্লাবটি। নারী ফুটবলের সাথে ভালোভাবেই সম্পৃক্ত থাকবে ক্লাবটি। গতকাল এই তথ্য জানান ক্লাবটির নারী বিভাগের প্রধান সংসদ সদস্য নিলোফার ইয়াসমিন মনি। মোহামেডানের পরিচালক বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরীও নারী ফুটবল লিগে দল গঠনে বেশ আগ্রহ দেখান।

জাকির হোসের লম্বা সময় ধরেই বাফুফের সদস্য। নারী ফুটবল জাতীয় দলের টিম লিডার ও ম্যানেজার ছিলেন জাকির হোসেন চৌধুরী। সুতরাং নারী ফুটবল দল গঠন সম্পর্কে ভালো করেই অবগত তিনি। ফলে শক্তিশালী তথা চ্যাম্পিয়ন ফাইটিং দল গড়তে কোনো সমস্যাই হবে না তার পক্ষে।

দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব এই মোহামেডান। এই ক্লাব এবার ৯০ বছর পূর্তি অনুষ্ঠান করবে। সেখানে ক্লাবটি তাদের সাবেক দেশী-বিদেশী খেলোয়াড়দের মিলন মেলায় পরিণত করবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হবে। গতকাল ক্লাবটির নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সেই সভায় এই সিদ্ধান্ত। সে সাথে সাভারের জমিতে নিজস্ব কমপ্লেক্স এবং মতিঝিলের জমিতে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ক্লাব সভাপতি এবং সংসদ সদস্য বরকতউল্লাহ বুুলু। অবশ্য ৯০ বছর পূর্তি অনুষ্ঠানের ভেনু ও তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তা পরে জানানো হবে বলে জানান বুলু। আরো জানান, ক্রিকেট, ফুটবল ও হকিতে চ্যাম্পিয়ন ফাইটিং দল গঠন করা হবে।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত ঢাকা মোহামেডান। এই ক্লাবের অগণিত সমর্থক। এই সমর্থকরা নানা গ্রুপে বিভক্ত। তবে আগামীতে ইউরোপিয়ান স্টাইলে ফ্যান ক্লাব করবে সাদা কালো শিবির। যার নাম হবে মোহামেডান ফ্যানস। এ ছাড়া সারা দেশে ক্লাবটির জনপ্রিয়তাকে আরো ছড়িয়ে দিতে প্রতি জেলায় কমিটি গঠন করা হবে। সে সাথে ক্লাবের অনুমতি ছাড়া কোনো জেলায় মোহামেডান ক্লাব করা যাবে না।

মতিঝিলে মোহাডোনের ২৫ একর জায়গা। এখানে এখন ক্লাব ভবন এবং প্র্যাকটিস গ্রাউন্ড। তবে এই জমিতে বহুতল ভবন নির্মাণ করে সেখান থেকে স্থায়ী আয়ের উৎস তৈরি করার পরিকল্পনা মোহামেডানের। কালকের সভায় সেই সিদ্ধান্তই হয়। আর সাভারের জমিতে প্র্যাকটিস গ্রাউন্ড করার ইচ্ছে।