এনসিপিতে বিভিন্ন দল সংগঠনের ৩০০ নেতাকর্মীর যোগদান

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

সংবাদ সম্মেলনে নবাগত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন আরিফুল ইসলাম আদীব। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

আরিফুল ইসলাম আদীব বলেন, আজ আমরা ৩৫ জন নেতার নাম ঘোষণা করছি। তাদের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছেন। ধারাবাহিক যোগদান কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তরে এই কার্যক্রম চলছে।

যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স বৃহত্তর মিরপুর জোনের আহ্বায়ক ডা: আশিকুর রহমান শুভ, আপ বাংলাদেশের সাবেক নেতা নাকিবুর রহমান, ডক্টর আব্দুল্লাহ আর রহমান, জাহিদ রেজানুর, ডা: আরিফা বিনতে মাসুদ, ফরিদ মিয়া, দিলশাদ উর্মি, শিবলী নোমান, নাজমুন নাহার লাইজুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, উত্তরার প্রায় একশ পোশাক শ্রমিকও শিগগিরই এনসিপিতে যোগ দেবেন। তারা দলটির শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র সাথে কাজ করবেন বলে জানান তিনি।