এএফপি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানি ড্রোন থেকে সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। ক্রাউনপ্রিন্স জেলেনস্কির প্রস্তাবে প্রাথমিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছেন।
বুধবার অঘোষিত এক সফরে সৌদির উপকূলীয় শহর জেদ্দায় এসে পৌঁছান জেলেনস্কি। সেখানে ক্রাউনপ্রিন্স তাকে স্বাগত জানান এবং তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকে জেলেনস্কি বলেন, ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোন থেকে সৌদিকে সুরক্ষা দিতে প্রস্তুত আছে ইউক্রেন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের শুরু থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং জর্দানে কাজ করছেন ইউক্রেনীয় বিশেষজ্ঞরা ইতোমধ্যে তারা তাদের কাজে পারদর্শিতা দেখিয়েছেন।
তিনি আরো জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয় দেশ এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজ করছেন দুই শতাধিক ইউক্রেনীয় বিশেষজ্ঞ, যারা ইরানি ড্রোন আটকানো ও ধ্বংসে বিশেষভাবে পারদর্শী। সৌদি আরবের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, জেলেনস্কি এবং সৌদি যুবরাজের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং উভয় দেশ একটি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছে।
উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলছে। এই যুদ্ধে ইরানি ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে রাশিয়া। এমনকি ইরানি বিভিন্ন পাল্লার ড্রোন তৈরির জন্য কারখানাও স্থাপিত হয়েছে রাশিয়ায়।
ইরানি ড্রোনের আঘাত সহ্য করতে করতে এই ড্রোনের প্রযুক্তিরর্ ব্যাপারে রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছে ইউক্রেন। বর্তমানে ড্রোন-বিধ্বংসী এয়ার ডিফেন্স প্রযুক্তির ক্ষেত্রে ইউক্রেনকে ‘বৈশ্বিক নেতা’ বলে বিবেচনা করা হয়।



