নিজস্ব প্রতিবেদক
আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র হজ পালনে এরই মধ্যে বাংলাদেশ থেকে বেশির ভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার সর্বশেষ ১১টি ফ্লাইটে বাকি হজযাত্রীরাও মক্কায় রওনা হবেন। এদিকে তীব্র গরমের কারণে বাংলাদেশী হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনে যাচ্ছেন। মঙ্গলবার রাত ৩ টা পর্যন্ত ৬৮ হাজার ৭৩২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী চার হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রী ৬৪ হাজার ২৮৮ জন। মোট ১৭৭টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৩৫ হাজার ৬৬১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজা ২১২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে আট হাজার ৮৫৯ জন হজযাত্রী। গতকাল বুধবার আরো ১২টি ফ্লাইটে পাঁচ হাজার হজযাত্রী সৌদি গেছেন। আজ বৃহস্পতিবার সর্বশেষ ১১টি ফ্লাইটে আরো চার হাজার ৪৬৩ জন হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত ১৮ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ : ১৩ এবং মহিলা পাঁচজন। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন। পবিত্র হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।
সৌদি পৌঁছেছেন ধর্মমন্ত্রী : সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করার জন্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫:৪৫টায় বিজি-৩৩১ ফ্লাইট যোগে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আয়াতুল ইসলাম, কনসাল জেনারেল মো: সাখাওয়াৎ হোসেন, কাউন্সিলর হজ মো: কামরুল ইসলাম, জেদ্দাস্থ মৌসুমি হজ অফিসার মোহাম্মদ রুহুল আমিনসহ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার বাংলাদেশ হজ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হজ আইটি টিম বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানান।
সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ : হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ হতে হজযাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। ছায়ায় বিশ্রাম নেয়া এবং চলাচলের ক্ষেত্রে পরিবহন ব্যবহার করার জন্য হজযাত্রীদের পরামর্শ দেয়া হয়েছে। হাঁটাচলার সময় ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা রাখা ও ছায়াযুক্ত পথ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া নিয়মিত পানি পান করার অনুরোধ করা হয়েছে। স্বাচ্ছন্দ্যময় ইবাদত-বন্দেগির লক্ষ্যে হজযাত্রীদের সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে থাকা এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এ বছর হজযাত্রীদের সচেতনতায় সৌদি সরকারের সাথে যৌথভাবে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে (যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংযধৎব/১৮ড়২উ২য়ুঢভ/) নতুন নতুন সচেতনতামূলক কনটেন্ট আপলোড করা হচ্ছে এবং তা হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।



