তজুমদ্দিনে জেলেদের চাল বিতরণে অনিয়ম সংঘর্ষে আহত ৫

Printed Edition

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলার তজুমদ্দিন উপজেলায় সমুদ্রগামী জেলেদের জন্য সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বড় মলংচড়া ইউনিয়নের ৪১০ জন সমুদ্রগামী জেলের জন্য সরকার ৩১ টন ৫০০ কেজি চাল বরাদ্দ দেয়। অভিযোগ ওঠে, চাল বিতরণে অনিয়ম হয়েছে এবং কিছু চাল গুদামে রেখে দেয়া হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জসিম উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন উভয় পক্ষকে কার্যালয়ে ডেকে শুনানি করেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করে জেলেদের তালিকা জমা দেয়ার নির্দেশ দেন।

ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার পর দুই পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জসিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মো: ইব্রাহিমসহ পাঁচজন আহত হন। আহত জসিম ও ইব্রাহিমকে প্রথমে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার বিষয়ে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, বাগি¦তণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

তজুমদ্দিন থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএনও বলেন, ‘যে-ই দোষী হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হবে না।’