শ্রমিক বিক্ষোভে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল রোববার বিকেলে মহাসড়কের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকার ফেইম এ্যাপারেল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধসহ ৯ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। ফলে মহাসড়কের উভয় পাশে, যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সোনারগাঁওয়ের মোগরাপাড়া থেকে কাঁচপুর পর্যন্ত ১২ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

শ্রমিকদের দাবি, তাদের প্রতি মাসে ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। বর্তমান মাসে ১৪ তারিখেও বেতন পরিশোধ করেনি। দীর্ঘ এক সপ্তাহ অপেক্ষার পর তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

শ্রমিকদের দাবি, প্রতি মাসের বেতন সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ, প্রতি বছরের জানুয়ারি মাসে ছুটির ক্যালেন্ডার প্রদান, ওভারটাইমের হার বৃদ্ধি, নাইট বিল ৫০ টাকা নির্ধারণ, দুই ঈদে ৯ দিন করে ছুটি, ডাবল মেশিন পরিচালনার জন্য ১৭০ টাকা ভাতা, এককালীন সার্ভিস ভাতা প্রদান, বন্ধের দিনে ১৬ ঘণ্টা ডিউটি বন্ধ এবং কোনো শ্রমিককে ছাঁটাই না করা।