ক্রীড়া ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে বক্সের বাইরে থেকে গোল করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ (টিএসজি) জানিয়েছে, এবারের আসরে মোট গোলের ১৬ শতাংশ এসেছে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেয়া শটে। ২০২২ কাতার বিশ্বকাপে এই হার ছিল মাত্র ৮ শতাংশ। ফুটবল বিশ্লেষকদের মতে, প্রতিপক্ষের রক্ষণভাগ এখন আগের চেয়ে অনেক বেশি নিচু অবস্থানে (লো ব্লক) থেকে রক্ষণ করছে। ফলে আক্রমণভাগের খেলোয়াড়দের দূরপাল্লার শট নেয়ার প্রবণতা বেড়েছে।
ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য ও জার্মানির সাবেক তারকা ফুটবলার ইয়ুর্গেন ক্লিন্সমান বলেন, ‘পেনাল্টি বক্সের ভেতর ও আশপাশে আট-নয়জন খেলোয়াড় থাকায় সেখানে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই দূর থেকে শট নেয়ার সুযোগ তৈরি হয়। কোচদের জন্যও এটি দারুণ উপভোগ্য। এবারের বিশ্বকাপে আমরা এভাবে অনেক অসাধারণ গোল দেখেছি।’
ফিফার গ্লোবাল ফুটবল উন্নয়নবিষয়ক প্রধান আরসেন ওয়েঙ্গারও দূরপাল্লার শটের প্রশংসা করেন। তার মতে, ‘খেলোয়াড়রা বক্সের বাইরে থেকে রকেটগতির শট নিয়েছে। এই টুর্নামেন্টে দূরপাল্লার শটের মান ছিল অসাধারণ।’
এবারের বিশ্বকাপে দূরপাল্লার শট থেকে সবচেয়ে বেশি সফল দলগুলোর একটি আর্জেন্টিনা। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে তারা বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে এনজো ফার্নান্দেজের ৮৫ মিনিটের দুর্দান্ত গোলটি আর্জেন্টিনাকে ম্যাচে ফেরায়। এ ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২২ গজ দূর থেকে জুলিয়ান আলভারেজের বাঁকানো শট আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্য দিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস। শেষ পর্যন্ত রোমাঞ্চকর সেই ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে জয় পায়।



