হাম ও উপসর্গে মারা গেল আরো ৬ শিশু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে তিনজন ও নিশ্চিত হামে মারা গেছে তিনজন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০৮ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, নিশ্চিত হামে এবং উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৮১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮০ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪০১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৬৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৫৬ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

সিলেটে হামে ঝরল আরেক শিশুর প্রাণ : মৃত্যু বেড়ে ৪১

সিলেট ব্যুরো : সিলেটে দীর্ঘ হচ্ছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু সাইফান সিলেট সদর উপজেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৭ শিশু হাম উপসর্গে মারা যায়। বুধবার এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় সিলেট বিভাগে নতুন করে ৯ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯২ শিশু। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮০ জন শিশু।