বিরোধীদলীয় নেতার সাথে সাক্ষাৎ

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চায় ডেনমার্ক

জামায়াতের আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া আজ

Printed Edition
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত : নয়া দিগন্ত
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপির সাথে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গতকাল সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক দূতাবাসের উপপ্রধান অ্যান্ডার্স বি. কার্লসেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুর। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ডেনমার্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের অবদান ও মানসম্মত ওষুধ আমদানিতে ডেনমার্কের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যের ভিত্তিতে বাংলাদেশ ও ডেনমার্কের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ প্রকাশ করা হয়-যা দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টেকসই উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করবে। সাক্ষাতে ডেনমার্কের রাষ্ট্রদূত জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে ডেনমার্কের আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া আজ : ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া তুলে ধরার লক্ষ্যে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট বিষয়ে সংগঠনের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।