বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

১১ জুন বাজেট উপস্থাপনের সম্ভাবনা

Printed Edition

সংসদ প্রতিবেদক

বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন মূলত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন, আলোচনা এবং অনুমোদনের জন্য আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, অধিবেশন শুরুর আগে আজ বেলা ২টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির এ বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে। এরপর বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও জাতীয় ইস্যু নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এটি হবে সরকারের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে। প্রস্তাবিত বাজেটটি চলতি মাসের শেষ দিকে সংসদে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের প্রথম বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হতে পারে। একই সাথে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, আর্থিক খাতের সংস্কার এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশলও বাজেটে প্রতিফলিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের আলোচনা চলমান থাকায় বাজেটে অর্থনৈতিক সংস্কারের বিষয়টিও গুরুত্ব পেতে পারে। সংসদ সচিবালয় ইতোমধ্যে বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।