সংসদ প্রতিবেদক
দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দু’টি জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো: নূরুল ইসলাম মনি। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সাথে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দু’টি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিৎ ছিল।
গতকাল জাতীয় সংসদের অধিবেশনের দুপুরের বিরতিকালে সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ হুইপ এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখাই তার প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে বিচার ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐক্যমতে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণœ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা । পার্লামেন্টে আমরা আলোচনা ও সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐক্যমতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।



