রয়টার্স
দীর্ঘ সাত বছর পর এই প্রথম ব্রিটিশ পার্লামেন্টের একটি সর্বদলীয় প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। এর অংশ হিসেবেই এই সফরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। রয়টার্সকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, চলতি মাসের মাঝামাঝিতে পাঁচ দিনব্যাপী এই সফরে লেবার ও কনজারভেটিভ পার্টির ১২ জন এমপি অংশ নেবেন। সফরটির আয়োজন করছে ‘গ্রেট ব্রিটেন-চীন সেন্টার’। এটি মূলত ব্রিটেনের ‘ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) দ্বারা পরিচালিত একটি বেসরকারি সংস্থা, যা চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করে। তবে নিরাপত্তার স্বার্থে এবং সফরের চূড়ান্ত প্রস্তুতি চলমান থাকায় সফরে অংশ নেয়া এমপিদের নাম ও ভ্রমণের বিস্তারিত সূচি এখনই প্রকাশ করা হয়নি।



