নিজস্ব প্রতিবেদক
জাপান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া’র সাথে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।
গতকাল পৃথকভাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি’র সাথে বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই শিমাদা তোমোকি জামায়াত আমিরকে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরো সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিরোধীদলীয় নেতা বিশেষভাবে বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারকে অনুরোধ করেন।
আলোচনায় জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করা হয়। একই সাথে জাপান বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
ডা: শফিকুর রহমান বাংলাদেশে জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতার সাথে ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
জাইকার সাথে বৈঠক : জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া’র সাথে আরেকটি বৈঠক করেন বিরোধীদলীয় নেতা।
বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে জাইকার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাইকার প্রতিনিধিদল বাংলাদেশে তাদের বিভিন্ন উন্নয়ন সহযোগিতা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও অবহিত করেন।
আলোচনায় জাইকার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে জাইকার অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থান অধিকার করে আছে। এ সময় জামায়াত আমির ডা: শফিকুর রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ জাইকার উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত দেশে পরিণত হবে।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের কল্যাণ, টেকসই উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।



