রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদুল আজহা নির্বিঘেœ উদযাপন এবং কোরবানি-পরবর্তী দ্রুত সময়ে বর্জ্য অপসারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজশাহী মহানগরীর প্রতিটি মুসলিম পরিবারকে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতায় মাঠে নেমেছে রাসিকের কর্মীরাও। কোরবানির চামড়া সংরক্ষণে রাজশাহীর বিভিন্ন মাদরাসা ও এতিমখানাকে ৬০ হাজার কেজি লবণ বিতরণ করা হচ্ছে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগে খুশি নগরবাসী।
রাসিক সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো নগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির গোশত স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় দু’টি পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য বড় একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান।
হজরত শাহ মখদুম রুপোশ (রহ:) কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ছয়টি ঈদগাহে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের ল্যাগেজ, আসবাবপত্র বহনসহ যাত্রীদের সেবায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন তিনটি শিফটে ২৪ ঘণ্টা রাসিকের ১২ জন করে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত থাকবে। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে রাসিক। বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে জনসচেতনতামূলক লিফলেট। নগরীর সব মসজিদের ইমামদের মাধ্যমে জনসচেতনতামূলক বার্তাও পৌঁছে দেয়া হচ্ছে। দ্রুত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইতোমধ্যে পরিচ্ছন্ন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড সচিব, ওয়ার্ড সুপারভাইজার, পরিচ্ছন্ন পরিদর্শক ও কেন্দ্রীয় সুপারভাইজারসহ সংশ্লিষ্ট সবার সাথে সভা করে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেছেন রাসিক প্রশাসক। রাসিকের এই ব্যতিক্রমী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।
নগরীর বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোরবানির গোশত সংরক্ষণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ সময়োপযোগী সিদ্ধান্ত।
গৃহিণী শারমিন আক্তার বলেন, ঈদে এমন উপহার সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে যেমন গোশত সংরক্ষণ সহজ হবে, তেমনি ব্লিচিং পাউডার দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে সহায়তা করবে। রাসিক প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাই।
স্কুলশিক্ষক সোহেল রানা বলেন, প্রতিটি পরিবারকে পরিবেশবান্ধব ব্যাগ, ব্লিচিং পাউডার, চামড়া সংরক্ষণে লবণ দেয়া নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক উদ্যোগ। এতে নগর পরিচ্ছন্ন রাখার বার্তাও রয়েছে। এমন জনবান্ধব উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নাগরিক সেবা সুনিশ্চিত করতে দায়িত্ব দিয়েছেন। নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা কিছুদিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। ঈদের পরদিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। এ কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।



