১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

Printed Edition

আলজাজিরা

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীকে একটি ১০ হাজার টন ওজনের ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ তৈরি এবং গোপন পানির নিচের অস্ত্র তৈরি করার নির্দেশ দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরের আগে তিনি এই নির্দেশ দিলেন।

গতকাল শনিবার দেশটির সরকারি সংবাদপত্র রোদোং সিনমুনের প্রতিবেদন অনুযায়ী কিম গত বৃহস্পতিবার একটি নৌ মহড়া পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পাঁচ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ কাং কন-এ আরোহণ করেন এবং চোয়ে হিয়ন নামের আরো একটি পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। শি জিনপিংয়ের সফরের আগে কিম একের পর এক সামরিক ও অস্ত্র ঘাঁটি পরিদর্শন করে চলেছেন। উল্লেখ্য, কাং কন জাহাজটি গত বছর উদ্বোধনী অনুষ্ঠানের সময় আংশিক ডুবে গিয়েছিল এবং পরে সেটি মেরামত করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার একটি নতুন পরমাণু সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শনের সময় কিম দেশের পারমাণবিক অস্ত্রাগার ব্যাপকভাবে বৃদ্ধির আহ্বান জানিয়েছিলেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ৮ থেকে ৯ জুন পিয়ংইয়ং সফর করবেন। গত সাত বছরের মধ্যে এটি হবে চীনা নেতার দ্বিতীয় উত্তর কোরিয়া সফর। রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে চীন তাদের একমাত্র আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র দেশটিকে নিজেদের বলয়ে ধরে রাখতে চাইছে।

রোদোং সিনমুন জানায় কিম বলেছেন যে, পারমাণবিক হামলা প্রতিরোধ করতে পিয়ংইয়ংকে অবশ্যই তাদের নৌ সক্ষমতা বাড়াতে হবে। একইসাথে তিনি স্থল জল এবং আকাশপথে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশ করা একটি ছবিতে দেখা গেছে জাহাজ পরিদর্শনের সময় কিমের সাথে তার কিশোরী কন্যা জু অ্যা সাথে ছিলেন। ২০২৫ সালের মে মাসে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল যে চোঞ্জিন বন্দরে উদ্বোধনের সময় একটি পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ আংশিক ডুবে যায়। অনুষ্ঠানটি তদারকি করার সময় কিম এই দুর্ঘটনাকে একটি অপরাধমূলক কাজ হিসেবে অভিহিত করেন যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। জাহাজটি রাজিন বন্দরে মেরামত করার পর পরবর্তী মাসে দ্বিতীয়বার উদ্বোধনী অনুষ্ঠান করা হয় এবং জাহাজটির নাম দেয়া হয় কাং কন। দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ বিশ্লেষক হং মিন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন যে, উত্তর কোরিয়া এই প্রথম ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করল।