জামালপুর প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জেবিএসটিইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো: আমির হোসেন।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অনুমোদনক্রমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী ড. আমির হোসেনকে বিশ্ববিদ্যালয়টির ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত— যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত ভিসির দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, ভিসি হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এ ছাড়া প্রয়োজনবোধে রাষ্ট্রপতি যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. আমির হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সাথে যুক্ত ছিলেন।



