দাঁত নাকি করাত!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দাঁত তো নয়, ঠিক যেন লোহার করাত। করাত দিয়ে যেমন গাছ চিরে ফেলা হয় ঠিক তেমন দাঁত দিয়েই গাছের ছাল তুলে ফেলতে পারেন এক তরুণ। গাছের কাণ্ড দাঁত দিয়েই ফালা ফালা করতে তার কোনো অসুবিধাই হয় না। এমনকি ব্যথাও অনুভব করেন না তিনি। তরুণের এই অদ্ভুত ক্ষমতার ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ওই তরুণ এমন একটি কাণ্ড ঘটিয়েছেন, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।

ভিডিওতে থাকা ব্যক্তি তানজানিয়ার একটি উপজাতি সম্প্রদায়ের। তিনি দাঁত দিয়ে একটি গাছ কামড়াতে শুরু করেন। ওই ব্যক্তি যেভাবে গাছটি কামড়ে গাছের ছাল তুলছিলেন যেন ওটা দাঁত নয়, কোনো যন্ত্র।

ভিডিওতে বলা হয়েছে, এই ব্যক্তি দাঁত দিয়ে গাছের ছাল কুরে প্রাকৃতিক ওষুধের সন্ধান করছিলেন। এক ভ্রমণ ভ্লগার সেখানে বেড়াতে গিয়ে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিওটিই প্রকাশ্যে এসেছে।

ভিডিওটি ইনস্টাগ্রামে অ্যান্ড্রোসবেলফন্টে নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে থ হয়ে গিয়েছেন বহু নেটাগরিকই। দাঁত ব্যবহার করে যে এভাবে গাছের ছাল তুলে ফেলা সম্ভব তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, লোহা বাঁধানো দাঁত। অন্য একজন রসিকতা করে লিখেছেন, এই মানুষটি কোন মাজন ব্যবহার করেন জানতে ইচ্ছে করছে।