সরকারের নির্বাচনী ইশতেহার ও এসডিজি বাস্তবায়নে চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাকি সময়ের জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা পরিষদ ও উপজেলা পরিষদের জন্য ২৫০ কোটি টাকা করে ৫০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
বর্তমানে বরাদ্দ রয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য পাঁচটি খাতে এই বাড়তি সহায়তা চেয়ে তিনি চিঠি (ডিও) দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। গত ৩০ এপ্রিল পরিকল্পনা মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থবছরের দুই মাসের জন্য ওই অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এলজিইডি মন্ত্রীর দেয়া চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম মাঠ পর্যায়ে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়নের সাথে প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে। নির্বাচিত সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন, নাগরিক সেবার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভূমিকাই অগ্রগণ্য।
স্থানীয় জনগণের চাহিদা ও সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে অর্থের চাহিদা সৃষ্টি হয়েছে। যা মেটাতে অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহায়তা খাতে ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত বাজেট বরাদ্দ বৃদ্ধি করা প্রয়োজন।
ডিও লেটারের তথ্য বলছে, বর্তমানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন- এই পাঁচ খাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ রয়েছে তিন হাজার ১০০ কোটি টাকা। এটা ৯০০ কোটি টাকা বাড়িয়ে চার হাজার কোটি টাকায় উন্নীতের জন্য বলা হয়েছে।
সেখানে ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ ৮৮০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়িয়ে ৯৮০ কোটি টাকা, উপজেলা পরিষদের ৬০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা বাড়িয়ে ৮৫০ কোটি টাকা, জেলা পরিষদের বরাদ্দ ৬০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা বাড়িয়ে ৮৫০ কোটি টাকা, পৌরসভার বরাদ্দ ৬০০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা বাড়িয়ে ৭০০ কোটি টাকা এবং সিটি করপোরেশনগুলোর জন্য বরাদ্দ ৪২০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকা বাড়িয়ে ৬২০ কোটি টাকা বরাদ্দ দাবি জানানো হয়েছে।
পরিকল্পনামন্ত্রীকে দেয়া চিটিতে এলজিইডিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ বাস্তবায়নের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিকল্পনা কমিশনের ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাত থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহায়তা খাতে আরো অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হলে সরকারের নীতি বাস্তবায়নে গতিশীলতা আসবে বলে আমি বিশ্বাস করি। ডিও লেটারে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, বর্ণিত প্রেক্ষাপটে সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ বাস্তবায়নের জন্য ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিকল্পনা কমিশনের ‘বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা’ খাত থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সহায়তা খাতে আরো ৯০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিশেষভাবে অনুরোধ করছি।



