হোয়াইট হাউজে ট্রাম্পের জন্মদিন উদযাপন

Printed Edition
প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ৮০তম জন্মদিনটি উদযাপন করতে হোয়াইট হাউজে ৬০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (ইউএফসি) ইভেন্টের আয়োজন করেন : ইন্টারনেট
প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ৮০তম জন্মদিনটি উদযাপন করতে হোয়াইট হাউজে ৬০ মিলিয়ন ডলার ব্যয়ে একটি ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (ইউএফসি) ইভেন্টের আয়োজন করেন : ইন্টারনেট

এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে তার ৮১তম জন্মদিন উদযাপন করেছেন। গত রোববার ইরানের সাথে বহুল প্রতীক্ষিত একটি শান্তিচুক্তির ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর তিনি হোয়াইট হাউসের লনে একটি ‘কেজ ফাইট’ বা খাঁচার ভেতর মল্লযুদ্ধের আয়োজন করেন।

এ দিন ট্রাম্প আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে সাথে নিয়ে ওভাল অফিস থেকে বেরিয়ে আসেন এবং ‘দ্য ক্ল’ নামে পরিচিত বিশাল অঙ্গনের দিকে রওনা হন। পথে তিনি ঐতিহাসিক ট্রুম্যান ব্যালকনিতে উঠে স্যালুট জানান। এ সময় জাতীয় সংগীত বাজছিল এবং যুক্তরাষ্ট্রের ১২টি সামরিক জেট হোয়াইট হাউসের ওপর দিয়ে গর্জন তুলে উড়ে যায়। এরপর ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে নিজের আসন গ্রহণ করেন। সেখানে অক্টাগন নামে পরিচিত জালঘেরা খাঁচার পাশে ১৪ জন যোদ্ধা একে অপরের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ছিলেন। এটি হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রথম পেশাদার ক্রীড়া আসর।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ট্রাম্পের জন্মদিনের এই আয়োজনে বাড়তি আনন্দ যোগ করেছে ইরান চুক্তি নিয়ে তার একটি ঘোষণা। ‘কেজ ফাইট’ শুরুর আগে তিনি ঘোষণা দেন, ইরানের সাথে একটি শান্তিচুক্তি ‘সম্পন্ন’ হওয়ার সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। তবে নিজের জন্মদিনে ‘কেজ ফাইট’ আয়োজন করা নিয়ে সমালোচকরা ট্রাম্পকে উপহাস করেছেন। তাদের মতে, এটি হোয়াইট হাউসের এক রুচিহীন অবমাননা।