৫০০ মিলিয়ন সাবস্ক্রাইবার!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ইতিহাস গড়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও নির্মাতা জিমি ডোনাল্ডসন। যিনি ইউটিউবে ‘মিস্টারবিস্ট’ নামে পরিচিত। তিনি ইউটিউবে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের প্রথম কনটেন্ট ক্রিয়েটর হওয়ার গৌরব অর্জন করেছেন।

‘মিস্টারবিস্ট’ এর এই নজিরবিহীন মাইলফলকটিকে স্মরণীয় করে রাখতে ইউটিউবের সিইও নীল মোহন ব্যক্তিগতভাবে ডোনাল্ডসনকে একটি বিশেষভাবে তৈরি ‘৫০০এম প্লে বাটন’ উপহার দিয়েছেন। এই অনন্য ট্রফিটিতে রয়েছে একটি রূপালি ও ডায়মন্ড-টেক্সচারের (হীরকসদৃশ কারুকার্যময়) বেস বা ভিত্তি, যা প্ল্যাটফর্মটির আইকনিক ‘ডায়মন্ড প্লে বাটন’ থেকে অনুপ্রাণিত। এটি মিস্টারবিস্টের চিতা (ইবধংঃ চধহঃযবৎ) লোগোর একটি ত্রিমাত্রিক ডিজাইনে মোড়ানো এবং এতে তার নিজস্ব ব্র্যান্ডিংয়ের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। যার মধ্যে রয়েছে উজ্জ্বল নীল রঙের ক্রিস্টাল এবং লাল রঙের আভা যুক্ত একটি বেস।

এই অর্জন উদযাপন করতে ১২ জুন একটি বিশেষ লাইভ স্ট্রিম আয়োজন করেন মিস্টারবিস্ট। সেখানে তিনি নিজের দীর্ঘ ইউটিউব যাত্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেন এবং চ্যানেলের বিকাশের বছরভিত্তিক একটি টাইমলাইন দর্শকদের সামনে উপস্থাপন করেন।

ইউটিউবের তথ্য অনুযায়ী, মিস্টারবিস্টের চ্যানেল ৫০ কোটি ১০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে। ইউটিউবের প্রায় দুই দশকের ইতিহাসে এর আগে কোনো ব্যক্তিগত চ্যানেল এই অবস্থানে পৌঁছাতে পারেনি। এমনকি বিশ্বের বেশির ভাগ দেশের জনসংখ্যার চেয়েও বেশি মানুষ এখন তাঁর চ্যানেলের গ্রাহক।