সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী আসামিদের গ্রেফতারের পরও চরম আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না। দুই সন্তান ও স্বামীকে নিয়ে তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে অবস্থান করছেন। এদিকে পুলিশ মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) ও তার সহযোগী শাহিন মিয়া (৩৮)। পলাতক রয়েছে অজ্ঞাত আরো একজন। অভিযোগ অনুযায়ী, গত বুধবার বিকেলে রাজমিস্ত্রি স্বামী কাজের সুবাদে বাইরে থাকার সুযোগে আসামিরা ঘরে ঢুকে দুই শিশুর সামনেই ওই নারীকে ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপ দিতে স্থানীয় প্রভাবশালীরা সালিসের চেষ্টা করলেও গত শুক্রবার বিকেলে ওই নারী বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন।
ভুক্তভোগীর স্বামী জানান, মামলার পর আসামিরা গ্রেফতার হলেও এলাকায় ফিরলে তাদের সমস্যায় পড়তে হতে পারে। এ ছাড়া ভুক্তভোগী আত্মসম্মানের ভয়ে শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির কাউকে এ ঘটনা জানাননি। ফলে কোথাও যেতে পারছেন না।
তবে সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার যদি কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতার আশঙ্কা করে, তবে পুলিশ তাদের গ্রামে থাকার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে।



