বিরোধীদলীয় নেতার অভিযোগ

সংসদে জ¦ালানি সঙ্কট নিয়ে কথা বলতে দেয়া হয় না

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে তেল বেড়ে যাওয়ায় সারা দেশে আজ তেলের সঙ্কট। একজন পরিবহন শ্রমিক দৈনিক ৩ থেকে ৫ ঘণ্টা অপেক্ষা করে সর্বোচ্চ ২০০০ টাকার তেল পায়, শ্রমিকদের সারা দিন তেলের জন্যই সময় নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে তাদের উপার্জন কমে যাচ্ছে। ও দিকে পাম্পগুলো বলছে তারা আগের অর্ধেক তেল পায়, শ্রমিকদের পরিবারগুলোর আয়কমে যাওয়ায় তাদের কষ্ট আরো বেড়েছে। অথচ এ বিষয়ে সংসদে কথা বলতে চাইলে বলতে দেয়া হয় না।

গতকাল রাজধানীর আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা ও মহানগরী সভাপতি- সাধারণ সম্পাদক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লস্কর মো: তসলিম।

ডা: শফিকুর রহমান জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে তার জোটকে হারানোর ইঙ্গিত করে বলেন, কেউ যদি জনগণকে ধোঁকা দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে থাকে তাহলে তারা নিজেদেরকেই ধোঁকা দিয়ে যাচ্ছে, তারা দেশের কল্যাণ চায় না। তাদের মনে রাখতে হবে জনগণ তাদের একই কাজ বারবার করতে দেবে না। সামনে জনগণ এগুলোর প্রতিরোধ করবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম কিছু সুযোগ সুবিধা নেবো না, আমরা সে কথা রেখেছি। আমাকেও গাড়িসহ যে সুযোগ সুবিধা দিয়েছিল লিখিতভাবে তা প্রত্যাখ্যান করেছি।

জামায়াত আমির বলেন, আমরা শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করব তবে তা যেন হয় মালিক ও শ্রমিকদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের মাধ্যমে। শ্রমিক নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সর্বদা মাঠে কাজ করে যেতে হবে তবে কোনো অবস্থায় কোনো নৈরাজ্য সৃষ্টি হতে দেয়া যাবে না। মনে রাখতে হবে ফ্যাক্টরিতে নৈরাজ্য সৃষ্টি হলে শুধু মালিক নয় বরং মালিক, শ্রমিক ও দেশের জনগণ সবাই তাতে ক্ষতিগ্রস্ত হবে, এজন্য সব নৈরাজ্য ঠেকাতেও পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, নতুন ব্যাংক আইনের মাধ্যমে ব্যাংক ডাকাতদের হাতে জনগণের আমানত (টাকা) তুলে দেয়া হচ্ছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এর প্রতিরোধ করব ইনশা আল্লাহ্।

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামছুল ইসলাম বলেন, শ্রমিকদের সব সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। শ্রমিকরা একশ্রেণীর নেতাদের খায়েশ মেটানোর মাধ্যম হিসাবে বারংবার ব্যবহার হয়েছে। ফলে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

হাম-আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন বিরোধীদলীয় নেতার : গতকাল রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম-আক্রান্ত শিশুদের দেখতে যান বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। পরিদর্শনকালে তিনি আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রতি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পেট্রলপাম্প পরিদর্শন : পরে তিনি রাজধানীর আসাদ গেট সংলগ্ন পেট্রলপাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন। এ সময় ঢাকা-১২ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য জাহিদুর রহমান এবং উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।