লংজাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙল স্বপ্না

Printed Edition
লংজাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙল স্বপ্না
লংজাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙল স্বপ্না

ক্রীড়া প্রতিবেদক

৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স দ্বিতীয় দিনে গতকাল আরো চারটি নতুন জাতীয় রেকর্ডসহ দুই দিনে মোট ছয়টি নতুন রেকর্ড হয়েছে। এর মধ্যে মহিলাদের লংজাম্পে ভেঙে গেছে দীর্ঘ ২২ বছরের পুরনো এক ঐতিহাসিক রেকর্ড। দুই দিনে মোট ২৮টি ইভেন্ট শেষে ১৫টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী।

রেকর্ড গুলো

মহিলা লংজাম্প : ২০০৪ সালে ইসলামাবাদে ফৌজিয়া হুদা জুঁইয়ের গড়া ৬.০৬ মিটার দূরত্বের ২২ বছরের পুরনো রেকর্ডটি গতকাল ভেঙে দিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সপ্না খাতুন। তিনি ৬.২৫ মিটার লাফিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন।

পুরুষ ডিসকাস থ্রো : বাংলাদেশ নৌবাহিনীর ফারুক আহমেদ ৪৭.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে নতুন রেকর্ড গড়েন। তিনি ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আবদুল আলিমের গড়া ৪৬.৯৪ মিটারের রেকর্ডটি ভাঙেন।

মহিলা ডিসকাস থ্রো : বাংলাদেশ নৌবাহিনীর জাফরিন আক্তার ৪৬.০৬ মিটার দূরত্ব অতিক্রম করে নিজের ২০২২ সালের রেকর্ড (৪৩.৪৯ মিটার) ভেঙে নতুন কীর্তি গড়েন।

মহিলা ৪০০ মিটার হার্ডেলস : বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন ১:০৩.১৭ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে এই ইভেন্টে তার নিজেরই রেকর্ড ছিল ১:০৪.৫০ সেকেন্ড।

এ ছাড়া গতকাল ১১০ মিটার হার্ডেলসে (পুরুষ) বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ১৪.৬৪ সেকেন্ডে, ১০০ মিটার হার্ডেলস (মহিলা) বিকেএসপির মোছা: তাসমিয়া হোসেন ১৪.৮৯ সেকেন্ডে, ৪০০ মিটার হার্ডলসে (পুরুষ) সেনাবাহিনীর নাজিমুল হোসেন রনি ৫১.৯০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক অর্জন করেন।

গতকাল বিশেষ অতিথি থেকে অ্যাথলেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো: আবদুস সালাম। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি অ্যাথলেটিকস ফেডারেশনের দেয়া পুরস্কারের সমপরিমাণ অর্থ নিজের পক্ষ থেকেও প্রদান করেন।