রায়পুরায় আধিপত্যের লড়াইয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুবক নিহত

Printed Edition

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ফের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক নামে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁ এলাকায় স্থানীয় নাজিম উদ্দিন গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত অনিক দড়িগাঁ পূর্বপাড়া এলাকার ওসমান মেম্বারের ছেলে এবং তিনি নাজিম উদ্দিন গ্রুপের সক্রিয় সমর্থক ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের আরো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাজু ও মোস্তফা নামের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে দীর্ঘ দিন ধরে এলাকা ছাড়া ছিলেন আলাল মুন্সি ও জবা মেম্বারের অনুসারীরা। মঙ্গলবার ভোরে স্পিডবোটে ভাড়াটিয়া অস্ত্রধারীদের নিয়ে তারা আকস্মিক নিলক্ষা ইউনিয়নে প্রবেশ করে নাজিম উদ্দিনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে দুই পক্ষ রণক্ষেত্র সৃষ্টি করে। ভোর থেকে শুরু হয়ে সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফায় চলা এই সংঘর্ষে অনিক মাথায় গুলিবিদ্ধ হলে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।