আস্থা ভোটে জয়ী থালাপতি

Printed Edition

এনডিটিভি

আস্থা ভোটেও বড় জয় পেলেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। গত মাসের বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্রি কাজাগামকে (টিভিকে) বিজয়ী করে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করা এই সুপারস্টার, তার দলের সাফল্যের মাধ্যমে তামিলনাড়ুর ৬২ বছরের ডিএমকে-এআইএডিএমকে একাধিপত্যের অবসান ঘটিয়েছেন।

গতকাল বুধবার নাটকীয় আস্থা ভোটে জয়লাভ করে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান আরো পাকাপোক্ত করলেন বিজয়। ভোটাভুটিতে বিজয়ের পক্ষে ভোট পড়ে ১৪৪টি, বিপক্ষে ২২টি এবং পাঁচজন বিধায়ক কোনো পক্ষে ভোট দেননি। দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) তাদের ৫৯ জন বিধায়ক নিয়ে ওয়াকআউট করায় এবং এআইএডিএমকে তাদের সদস্যদের বিপক্ষে ভোট দেয়ার নির্দেশ দিলেও ফলাফল বিজয়ের পক্ষেই যায়। বিজয় নিজে ভোটের পর বলেন, ‘বাঁশি (টিভিকের নির্বাচনী প্রতীক) ইতিহাস বদলে দিয়েছে। আমরা নিজেদের সংখ্যালঘু সরকার বলতে চাই- এমন একটি সরকার, যা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করবে।’

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর টিভিকে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হয়। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ঘাটতি থাকায় আস্থা ভোটের মুখে পড়তে হয়। ১০ মে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকসহ কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন নিয়ে বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।