এএফপি
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সংস্থাটি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার এ ঘোষণা দেন। ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সময় সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে আইসিসির চলমান তদন্তের মধ্যেই এ সিদ্ধান্তের ঘোষণা এলো।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ফেলিক্স প্লাসেন্সিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আইসিসি থেকে নিজেদের প্রত্যাহারের ‘দৃঢ় ও অপরিবর্তনীয় সিদ্ধান্তের’ কথা জাতিসংঘকে জানিয়েছে কারাকাস। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাহিনী জানুয়ারিতে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।
প্লাসেন্সিয়া বলেন, ‘ভেনিজুয়েলা মনে করে, আদালতের কার্যক্রমে প্রমাণিত ভৌগোলিক পক্ষপাত রয়েছে। এর কাজ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর ওপর অসমভাবে বেশি কেন্দ্রীভূত হয়েছে।’



