ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দিন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সাথে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দিন পাটওয়ারীকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ ব্যাপারে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, নাসীরুদ্দিন পাটওয়ারী বিভিন্ন জেলায় সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরকে নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। তিনি ঝিনাইদহ সফরে এলে আমি তার সাথে সাক্ষাৎ করে কুরুচিপূর্ণ বক্তব্য না দেয়ার বিষয়ে আলাপ করতে যাই। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে। মারামারি বা ডিম নিক্ষেপের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।
তবে নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩/৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাইব। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এ রকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।
সদর থানার ওসি আসাদউজ্জামান এ ব্যাপারে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসির উদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।
‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না : আসিফ মাহমুদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁঁইয়া বলেছেন, ‘যদি গ্রেফতার না করা হয়, আপনারা যদি ভায়োলেন্স (সহিংসতা) বেছে নেন, তাহলে আমাদেরকেও ভায়োলেন্স বেছে নিতে বাধ্য হতে হবে।’
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারকে হুঁশিয়ার করে সাবেক অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।’
গতকাল বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এ কথা বলেন। এই অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে, কিন্তু তারা প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবেলার একধরনের কৌশল নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
জাতীয় নির্বাচনের পর থেকে বিরোধী দল বারবার সরকারকে গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া আকাক্সক্ষা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। এরপর তিনি বলেন, ‘বিরোধী দল থেকে বারবার এই সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে।’



