রংপুর বিভাগে হামের রোগী ভর্তি বাড়ছে

Printed Edition

রংপুর ব্যুরো

হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে রংপুর বিভাগে। তবে নতুন করে কেউ শনাক্ত হয়নি। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে জানা গেছে, গত সোমবার সকাল ৯টা থেকে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজসহ জেলা ও উপজেলা হাসপাতালগুলোর বহির্বিভাগ ও ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৩ জন; যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২০ জন বেশি। এ নিয়ে এই বিভাগে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১৮২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৩৯ জন। ভর্তি আছে ৪৩ জন। পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে সাতজনের। যার মধ্যে ঠাকুরগাঁও নীলফামারীতে দু’জন এবং রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামে একজন করে।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড থেকে পাওয়া তথ্য মতে, গত সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে তিনজন; যা আগের ২৪ ঘণ্টার তুলনায় পাঁচজন কম। এই হাসপাতালে এখন ভর্তি আছে ১৪ জন। চিকিৎসা নিয়েছে চলে গেছে ২২ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গওসুল আজিম চৌধুরী জানান, এখন পর্যন্ত ১৮২ জন হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তি হলেও ১৩৯ জন পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে গেছে। ৪৩ জন হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।