আলজাজিরা
চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর মেয়াদে বিশ্বজুড়ে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাব বহুগুণ বৃদ্ধি পেতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসঙ্ঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এই প্রাকৃতিক পরিবর্তনের ফলে সারা পৃথিবীতে আবহাওয়া অস্বাভাবিক ও চরম রূপ ধারণ করতে পারে।
সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, এল নিনোর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, বৃষ্টিপাতের স্বাভাবিক ধারায় মারাত্মক ব্যত্যয় ঘটবে এবং গ্রীষ্মমণ্ডলীয় আটলান্টিক মহাসাগরের উপরিভাগ অস্বাভাবিক রকম উত্তপ্ত থাকবে। প্রধান পর্যবেক্ষণ এলাকাগুলোতে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার তারতম্য ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা একটি শক্তিশালী এল নিনোর স্পষ্ট লক্ষণ। তবে ডব্লিউএমও মনে করে, এই আগাম সতর্কবার্তার কারণে বিভিন্ন দেশের সরকার ও সাধারণ নাগরিকরা সম্ভাব্য বিপর্যয় সামাল দেয়ার প্রস্তুতি নেয়ার সুযোগ পাবেন। সঠিক সময়ে পরিকল্পনা গ্রহণ ও ঝুঁকি কমানোর উদ্যোগ নিলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।



