আলজাজিরা
১৭ বছরের মধ্যে জাতিসঙ্ঘের কোনো দায়িত্বপ্রাপ্ত প্রধানের প্রথম সরকারি সফরে সিরিয়ায় পৌঁছেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী, শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে গুতেরেস ও তার প্রতিনিধিদল পৌঁছালে তাদের স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
এই সফরে জাতিসঙ্ঘের মহাসচিব দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে সাক্ষাৎ করবেন। আল-শারা একজন সাবেক আল-কায়েদা কমান্ডার, যার ওপর গত বছর পর্যন্ত জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা বলবৎ ছিল। ২০০৯ সালের পর এবং দেশটির ১৪ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এটিই কোনো জাতিসঙ্ঘ প্রধানের প্রথম সিরিয়া সফর। ২০২৪ সালে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতায় আসা আল-শারার জন্য আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের পথে এই সফরটি আরেকটি বড় কূটনৈতিক মাইলফলক।
সফরকালে গুতেরেস পররাষ্ট্রমন্ত্রী আল-শাইবানি, সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিরিয়ার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও আলোচনায় বসবেন। এ ছাড়া ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পর্যবেক্ষণের অংশ হিসেবে অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে মোতায়েন করা জাতিসঙ্ঘ পর্যবেক্ষণ বাহিনী (আন্ডফ) পরিদর্শনের একটি মাঠপর্যায়ের কর্মসূচিও রয়েছে তার। জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, গুতেরেস তার এই সফরে এ বিষয়টি তুলে ধরবেন যে, সিরিয়ার সামনে কেবল সঙ্ঘাত থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগই তৈরি হয়নি; বরং সব সিরীয় নাগরিকের জন্য একটি আরো স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার ভিত্তি স্থাপন করার সুযোগ এসেছে।
গুতেরেস বেশ কয়েকদিন দামেস্কে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে, তবে তার দফতর থেকে সফরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়নি। আগামী সোমবার তিনি সিরিয়ার নতুন পার্লামেন্টে ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।



