আলজাজিরার প্রতিবেদন

ভারতে চলছে হিন্দু শাসন কামাল মৌলা মসজিদ এখন মন্দির

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

ভারতে এক পরিচিত ধারার পুনরাবৃত্তি ঘটিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্ট রায় দিয়েছে যে, ঐতিহাসিক কামাল মৌলা মসজিদটি এক হিন্দু দেবীর মন্দির। কয়েক দশক ধরে, মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ধার-এ অবস্থিত কামাল মৌলা মসজিদটি ৭৮ বছর বয়সী মোহাম্মদ রফিকের কাছে দ্বিতীয় বাড়ির মতো।

রফিক ৫০ বছর ধরে এই মসজিদের মুয়াজ্জিন, অর্থাৎ মুসলমানদের নামাজের জন্য আহ্বানকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে, ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভেরও আগে থেকে তার দাদা হাফিজ নাজিরউদ্দিন মসজিদে ইমামতি করতেন।

কিন্তু ভোজশালা চত্বরের এই মসজিদটি, যা একটি প্রতœতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ সংরক্ষিত স্মৃতিস্তম্ভ, এখন ধার-এর রফিক এবং অন্যান্য মুসলমানদের জন্য নিষিদ্ধ। ওই স্থানে মসজিদের আগে একটি মন্দির ছিল, এমন দাবি করে করা একটি আবেদনের শুনানি শেষে মধ্যপ্রদেশ হাইকোর্ট শুক্রবার রায় দিয়েছে যে, মধ্যযুগীয় এই স্থাপত্যটি একজন হিন্দু দেবীর মন্দির। রোববার, ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীর এই স্মৃতিস্তম্ভটি উগ্র-ডানপন্থী হিন্দু আধিপত্যবাদী আন্দোলন ‘হিন্দুত্ব’-এর সাথে যুক্ত গেরুয়া পতাকায় ছেয়ে গিয়েছিল। তরুণরা ধর্মীয় সুরে নাচছিল এবং নিজেদের ফোনে সেই আচার-অনুষ্ঠানের ভিডিও ধারণ করছিল। বিপুল সংখ্যক হিন্দুভক্ত সমবেত হলে, মসজিদটিতে স্থানীয় হিন্দুরা দেবীর একটি অস্থায়ী প্রতিমা স্থাপন করে। এ সময় ব্যাপক পুলিশি পাহারার মধ্যে তারা সমবেত হয়।